ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

অক্সফোর্ডের ভ্যাকসিন ৯০ শতাংশ পর্যন্ত কার্যকর

ads

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও সুইডিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন ৯০ শতাংশ পর্যন্ত কার্যকর হতে পারে বলে দাবি করা হয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি জানিয়েছে, তৃতীয় ধাপের ট্রায়ালে এ টিকার দুই ধরনের ডোজের তথ্য বিশ্লেষণে একটিতে ৯০ শতাংশ এবং অন্যটিতে ৬২ শতাংশ কার্যকারিতা দেখা গেছে। অর্থাৎ, গড়ে ৭০ শতাংশ কেষ্ত্রে এ টিকা কার্যকর প্রমাণিত হয়েছে। তবে একটি পূর্ণ ডোজের পর অর্ধেক ডোজ টিকা দিলে তা ৯০ শতাংশ পর্যন্ত কার্যকর হতে পারে।


একটি বিশাল আকারের ট্রায়াল থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এটি একই সঙ্গে অক্সফোর্ডের জন্য একটি বিজয় আবার হতাশারও। কারণ সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার এবং মডার্নার ভ্যাকসিনে ৯৫ ভাগ কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে।


ইতোমধ্যে তৃতীয় ধাপের ট্রায়ালের প্রাথমিক ফলে দেখা গেছে, ফাইজার-বায়োএনটেক, রাশয়ার স্পুটনিক এবং মডার্নার তৈরি ভ্যাকসিনের কার্যকারিতা ৯০ শতাংশের বেশি। এর মধ্যে ফাইজারের তৈরি ভ্যাকসিন ৬৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে ৯৪ শতাংশ কার্যকর বলে জানানো হয়েছে।


সেই হিসেবে অক্সফোর্ডের কার্যকারিতা অন্যসব ভ্যাকসিনের চেয়ে কিছুটা পিছিয়ে পড়েছে। তবে অন্যান্য ভ্যাকসিনের চেয়ে অক্সফোর্ডের ভ্যাকসিনের দাম অনেকটাই সস্তা হবে এবং এটি বিশ্বের যে কোনো স্থানে সংরক্ষণ করাও বেশ সহজ। তাই এদিক দিয়ে বলা যায়, অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে তেমন একটা ঝক্কি-ঝামেলা পোহাতে হবে না। এর মধ্যেই ভ্যাকসিনের ১০ কোটি ডোজ তৈরির জন্য অক্সফোর্ডকে পূর্ব-নির্দেশনা দিয়েছে ব্রিটিশ সরকার।


অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি মহামারি করোনার সম্ভাব্য ভ্যাকসিনটি ৬০ থেকে ৭০ বছর বয়সীদের ক্ষেত্রে শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি করছে। এতে করে এই আশা তৈরি হয়েছে যে, করোনায় সবচেয়ে ঝুঁকিতে থাকা এসব মানুষ হয়তো এই ভ্যাকসিনের মাধ্যমে সুরক্ষা পাবেন।


গবেষকরা বলছেন, বিখ্যাত ব্রিটিশ চিকিৎসা বিষয়ক জার্নাল ল্যানচেটে প্রকাশিত দ্বিতীয় দফার ফলাফলে ভ্যাকসিনটির ডোজ নেয়া ৫৬০ সুস্থ স্বেচ্ছাসেবীর এ সংক্রান্ত যেসব তথ্য পাওয়া যাচ্ছে তা ‘আশা জাগানিয়া’। এছাড়া এই ভ্যাকসিনের পার্শ্ব-প্রতিক্রিয়া নেই বলে ল্যানচেটে পিয়ার রিভিউ হওয়া ফলাফলে জানানো হয়েছে।


যুক্তরাজ্যে ইতোমধ্যেই ভ্যাকসিনের ৪০ লাখ ডোজ ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে। এছাড়া সরবরাহের অপেক্ষায় রয়েছে আরও ৯ কোটি ৬০ লাখ ডোজ। এছাড়া অক্সফোর্ডের তিন কোটি ডোজ ভ্যাকসিন ক্রয়ের জন্য ভারতের সিরাম ইনস্টিটিউট, বাংলাদেশের বেক্সিমকো ফার্মা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page